নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভিংরাবো এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবার বিভিন্ন বিষয়ে কথা বলেন।
উঠান বৈঠকে আবু মোহাম্মদ মাসুম বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর স্বপ্নের রূপগঞ্জ হলো প্রতিটি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়নে রূপগঞ্জ ইউনিয়নের আনাচে-কানাচে উন্নয়ন কর্মকাণ্ড ছড়িয়ে দিতে তাঁরা কাজ করছেন।
তিনি বলেন, “আমরা ভোটারদের মন জয় করে রূপগঞ্জবাসীর স্বার্থে কাজ করতে চাই। স্থানীয় মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, ঈদগাহের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং জনগণের সরকারি সেবা প্রাপ্তি সহজ ও সন্তোষজনক করতে কাজ করছি। মানুষের সমস্যা সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”
চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম আরও বলেন, এলাকার মানুষের সমস্যা সমাধানে শুধু সরকারি বরাদ্দের দিকে তাকিয়ে থাকলে চলবে না। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থাকতে হবে। তিনি নিজের আয়-রোজগার থেকে মানুষের সেবা করে আসছেন বলেও উল্লেখ করেন। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় কয়েকজন ভোটার আবু মোহাম্মদ মাসুমের অতীতের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তাঁদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন, হামলা ও মামলার মুখোমুখি হয়েও তিনি বিভিন্ন মানবিক প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালেও ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, এতিমখানায় সহায়তা এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি জনসেবায় ভূমিকা রেখেছেন।
স্থানীয় ভোটাররা আরও বলেন, বিপদে-আপদে মানুষের পাশে থাকার অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে আবু মোহাম্মদ মাসুমকে তাঁরা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিবেচনা করছেন। তাঁদের মতে, ইউনিয়নের উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে একজন জনবান্ধব জনপ্রতিনিধি প্রয়োজন।
উঠান বৈঠক ও গণসংযোগে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্থানীয় সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা সহজ করার বিষয়ে আলোচনা হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 
















