স্বদেশ প্রপার্টিস লিমিটেডের সানভ্যালি আবাসনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘স্বদেশ মার্ট’। আবাসন প্রকল্পের বাসিন্দাদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করা এবং আধুনিক জীবনযাত্রার সুবিধা আরও সম্প্রসারণের লক্ষ্যে এ সুপারশপ চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে স্বদেশ মার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বদেশ প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম. এ. কাইয়ুম। এ সময় তিনি বলেন, স্বদেশ মার্ট শুধু একটি সুপারশপ নয়, এটি প্রতিষ্ঠানের গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা ও সেবার অঙ্গীকারের প্রতিফলন। সানভ্যালি আবাসনের বাসিন্দারা যাতে এক ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য সহজে, সাশ্রয়ী মূল্যে এবং নির্ভরতার সঙ্গে সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গ্রাহকদের আস্থা অর্জনই স্বদেশ মার্টের প্রধান লক্ষ্য। তাই এখানে মানসম্মত ও নিরাপদ পণ্য সরবরাহ, সৎ ব্যবসায়িক নীতি অনুসরণ এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ক্রেতাদের প্রয়োজন ও চাহিদাকে গুরুত্ব দিয়ে পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।
ড. কাইয়ুম বলেন, স্বদেশ প্রপার্টিস লিমিটেড শুধু আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে না; বরং একটি আধুনিক, নিরাপদ ও সেবানির্ভর জীবনযাত্রার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আবাসন প্রকল্পের বাসিন্দাদের জীবনকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত করতে ধারাবাহিকভাবে নতুন নতুন সেবা যুক্ত করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্বদেশ মার্টের উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে স্বদেশ মার্টে আরও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য, আধুনিক গ্রাহকসেবা, ডিজিটাল পেমেন্ট সুবিধা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা চালু করা হবে। এতে আবাসনের বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষেরও উপকার হবে।
উদ্বোধন শেষে ড. এম. এ. কাইয়ুম স্বদেশ মার্টের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি সেখানে প্রদর্শিত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, গৃহস্থালি সামগ্রী, প্রসাধনী ও অন্যান্য পণ্যের মান, সংরক্ষণ ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে স্বদেশ প্রপার্টিস লিমিটেডের চেয়ারম্যান ও স্বদেশ প্রতিদিন-এর সম্পাদক মো. মজিবুর রহমান চৌধুরী, নির্বাহী পরিচালক কর্নেল মো. রকিবুল হক (অব.)সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, সানভ্যালি আবাসনের বাসিন্দা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, স্বদেশ মার্টের কার্যক্রম আবাসন প্রকল্পের বাসিন্দাদের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করে তুলবে।
নিজস্ব প্রতিবেদক 


















