নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম স্থানীয় মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় কায়েতপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
বক্তব্যে মোহাম্মদ রফিকুল ইসলাম নিজের পরিচয় তুলে ধরে বলেন, তাঁর বাড়ি কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরুনা গ্রামে। বাপ-দাদার বসতভিটাও এই ইউনিয়নেই। এলাকার অনেকেই তাঁকে চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। তাই সবার সঙ্গে পরিচিত হতে এবং দোয়া চাইতে তিনি মসজিদে এসেছেন।
আসন্ন ৪ ফেব্রুয়ারির ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে কায়েতপাড়া ইউনিয়নবাসীর শাসক নয়, বরং সেবক ও খাদেম হিসেবে কাজ করতে চান। ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখাই তাঁর প্রত্যাশা। এ জন্য তিনি মুসল্লিদের আন্তরিক সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।
বক্তব্যের একপর্যায়ে নিজের পারিবারিক বেদনাদায়ক ঘটনার কথা তুলে ধরে রফিকুল ইসলাম জানান, প্রায় নয় মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০০ ফিট এলাকায় তাঁর বড় ছেলে ইন্তেকাল করেছেন। তাঁর মা-বাবাও বেঁচে নেই। এ সময় তিনি প্রয়াত মা-বাবা ও সন্তানের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান।
পাশাপাশি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে তিনি বলেন, তিনিও সবার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন। বক্তব্যের শেষে উপস্থিত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সালাম জানান।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 



















