উত্তরখান থানা ঢাকা-১৮ আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অবদান। তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের প্রশ্নে আপসহীন ছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বেই বিএনপি বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
বক্তারা আরও বলেন, দেশনেত্রীর আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও বিএনপির প্রতিটি নেতাকর্মীর অনুপ্রেরণার উৎস। তাঁর দেখানো পথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেত্রী। তিনি সবসময় দেশের সাধারণ মানুষের কথা ভেবেছেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্বের বিনিময়েই আজ আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই দলের প্রধান লক্ষ্য। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, উত্তরখান থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
হাফিজুর রহমান 
















