ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতি স্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, বিএনপি, ফায়ার সার্ভিস, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মাদ হোসেন শান্তির নেতৃত্বে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার আহ্বান জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

















