ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে বিজ্ঞানচর্চার বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শনিবার (২১ নভেম্বর) The Radius International School (RIS)-এর আয়োজনে অনুষ্ঠিত ‘RIS Science Exhibition 2026’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী ঘুরে দেখেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।
এ ধরনের বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করা এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকেরা।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















