প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের শুভেচ্ছা জানান এবং সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুস সালামকে আহ্বায়ক, তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এর আগে দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম মজনু। নতুন কমিটিতে তাঁকে বাদ দেওয়া হলেও সদস্যসচিব পদে বহাল রয়েছেন তানভীর আহমেদ রবিন।
অন্যদিকে গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলটি। এতে আহ্বায়ক করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। আর সদস্যসচিব করা হয় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে।
নিজস্ব প্রতিবেদক 

















