দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের গ্রন্থাগারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধীনস্থ সব দপ্তরপ্রধানকে নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনাভুক্ত বই তিনটি হলো, প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং তারেক রহমানের স্বরচিত ‘সবার আগে বাংলাদেশ’। বই তিনটির সম্মিলিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭০০ টাকা।
জানা গেছে, গত ২৩ আগস্ট ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষ থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে বইগুলো মেডিকেল লাইব্রেরিতে সংরক্ষণের আবেদন করা হয়। প্রতিমন্ত্রী ওই আবেদনে ‘জোর সুপারিশ করা হলো’ লিখে অনুমোদন দিলে স্বাস্থ্যসেবা বিভাগ এই নির্দেশনা জারি করে। নির্দেশনার আলোকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরও ইতোমধ্যে তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩ জুন দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই তিনটি বই রাখার নির্দেশ দেওয়া হলেও ব্যাপক আলোচনার মুখে ৬ জুলাই তা বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রাজনৈতিক ব্যক্তিদের জীবনী শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের এমন নির্দেশনার নজির অতীতেও ছিল; যেমন, ২০১৯ ও ২০১৪ সালে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শেখ মুজিবুর রহমানের ওপর লেখা বই কেনার বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 

















