নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য ভবন ত্যাগ না করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ভেতরে রেখেই মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে ভবনটিকে ‘ভ্যাকেন্ট’ বা শূন্য ঘোষণা করে এর বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করারও উদ্যোগ নিয়েছেন তারা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর শিক্ষার্থীরা এই কঠোর কর্মসূচি বাস্তবায়ন করেন। এর আগে সকালে তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করার পর দুপুর ১২টার মধ্যে নতুন উপাচার্যকে ভবন ত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা।
তারা হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন না ছাড়লে তাকে অবরুদ্ধ করে বাইরে থেকে তালা দেওয়া হবে এবং সব ধরনের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীদের পূর্বঘোষিত সেই সময়সীমা পার হওয়ার পর উপাচার্য ভবনের ফটকে তালা দিয়ে বাইরে অবস্থান নেন তারা।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেও শিক্ষার্থীদের টানা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে এতদিন ক্যাম্পাসে আসতে পারছিলেন না নতুন ভিসি।
এদিকে, গত ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হলে তারও তীব্র প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। সব মিলিয়ে সোমবার সকাল থেকেই নতুন ভিসির আকস্মিক প্রবেশ ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কঠোর কর্মসূচিতে চুয়েট ক্যাম্পাসে চরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















