জনগণের জন্য শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সোমবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে এমপি দিপু ভূঁইয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও ওষুধ প্রাপ্তির বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে কেন্দ্রটির চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি, জনবল ও অবকাঠামোগত সমস্যার বিষয়ে বিস্তারিত অবহিত হন।
এ সময় তিনি বলেন, রূপগঞ্জ একটি অত্যন্ত জনবহুল এলাকা। ফলে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। এ বাড়তি চাপ মোকাবিলায় হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
দিপু ভূঁইয়া বলেন, রোগীরা যাতে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে শতভাগ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পান, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা করায় হাসপাতালে সেবাগ্রহীতার সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। বিদ্যমান জনবল দিয়েই বর্তমানে চিকিৎসাসেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।
তিনি আরও জানান, যেসব এলাকায় উপ-স্বাস্থ্যকেন্দ্রের জন্য স্থায়ী স্থাপনা নেই, সেসব এলাকায় জমি চিহ্নিত করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত ও জনবহুল এলাকাগুলোতেও মানুষের দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
ভুলতা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের নাজুক অবস্থা প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ভুলতা এলাকায় মানুষের বসবাস ও চিকিৎসাসেবা নেওয়ার চাপ অনেক বেশি। কিন্তু দীর্ঘদিনের পুরোনো এই স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই ভবনটি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে একটি আধুনিক ও উন্নত স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, রূপগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক-জনবল বৃদ্ধি এবং ওষুধ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

















