হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবারের দুর্গাপূজায় দেশের সাধারণ মানুষ মোট পাঁচ দিনের ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১০ থেকে ১৬ দিন পর্যন্ত ছুটির আমেজ তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি ও মাউশির পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে এই ছুটির মেয়াদে কিছুটা ভিন্নতা থাকছে। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে সরকারি ছুটি ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন। তবে এর আগে-পরে শুক্র ও শনিবার (১৬-১৭ অক্টোবর এবং ২৩-২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের সুবর্ণ ছুটির সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে, মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারিত। তবে এর আগে ও পরের দুটি সাপ্তাহিক ছুটি হিসাব করলে কলেজগুলোতে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে টানা ১৬ দিন। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন ছুটি থাকবে। আর বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় তারা নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পূজার ছুটির সময়সূচি নির্ধারণ করবে।
সাধারণ ছুটির পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকছে অতিরিক্ত ছুটির বিশেষ সুযোগ। ১৮ অক্টোবর মহাসপ্তমী ও ১৯ অক্টোবর মহাষ্টমী উপলক্ষে তারা অতিরিক্ত দুই দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এর সঙ্গে ২২ অক্টোবরের সাধারণ ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি যুক্ত হলে সব মিলিয়ে তারা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
দুর্গাপূজার নির্ধারিত সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবার সুবিধার্থে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সচল থাকবে। অন্যদিকে, সাধারণ ছুটির এই সময়ে জনস্বার্থে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ও গণমাধ্যমের মতো জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন এবং তাদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 
















