রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সম্প্রতি সংঘটিত হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে অবিলম্বে পদত্যাগের নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে নির্দেশনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। এছাড়া, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং এমন নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মিরপুরের ওই মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে দুর্বৃত্তদের অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, যা সর্বমহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগেই কঠোর বার্তা দেওয়া হয়েছিল যে, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এমনকি কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।
এরই ধারাবাহিকতায় প্রাথমিক তদন্ত ও অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রী নিজ দলের এই সংসদ সদস্যের বিরুদ্ধে সরাসরি পদত্যাগের নির্দেশ দিয়ে অপরাধের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির দৃষ্টান্ত স্থাপন করলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 












