নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে অনুষ্ঠিত হয়েছে ‘কিন্ডারগার্টেন মেধা বৃত্তি ২০২৫’ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী ছাড়াও স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “আমাদের মূল লক্ষ্য রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া, যেন ঢাকা থেকে শিক্ষার্থীরা রূপগঞ্জে পড়াশোনা করতে আসে।”
তিনি বলেন, রূপগঞ্জের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষকদের আধুনিক ও গুণগত মানসম্পন্ন প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে, যাতে এখানকার শিক্ষাব্যবস্থা ঢাকার মানসম্মত বিদ্যালয়গুলোর সমপর্যায়ে উন্নীত করা যায়।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবৃত্তির মতো আয়োজন শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানের একপর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তাঁরা।
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, উৎসাহ প্রদান এবং রূপগঞ্জের শিক্ষার মান উন্নয়নের প্রত্যয় নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 


















