আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন দক্ষিণখান ৫০ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই গণসংযোগে তিনি দক্ষিণখান এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি, বাজার ও আবাসিক এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের খোঁজখবর নেন, তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
গণসংযোগকালে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “গত দেড় দশকে মানুষ ভোট দেওয়ার অধিকার হারিয়েছে। দিনের ভোট রাতে হয়ে গেছে। এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের নয়—এই নির্বাচন জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন।”
তিনি আরও বলেন, দক্ষিণখানসহ ঢাকা-১৮ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। নাগরিক সুযোগ-সুবিধার অভাব, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। জনগণের এই দুর্দশা থেকে মুক্তি পেতেই বিএনপি মাঠে নেমেছে বলে মন্তব্য করেন তিনি।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করি না, আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনার রাজনীতি করি। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলেই কেবল দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”
গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারা নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় প্রার্থী তাদের আশ্বস্ত করে বলেন, জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে দক্ষিণখান ও পুরো ঢাকা-১৮ আসনের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনেক জায়গায় পথচারী ও ব্যবসায়ীরা নিজ উদ্যোগে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, দক্ষিণখান ৫০ নং ওয়ার্ডে আজকের গণসংযোগ প্রমাণ করে দিয়েছে জনগণ পরিবর্তন চায়, জনগণ ভোটের অধিকার ফিরে পেতে চায়। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে এই আসনে বিপুল ভোটে বিএনপি বিজয়ী হবে।
গণসংযোগ শেষে এস এম জাহাঙ্গীর হোসেন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের এই ভালোবাসা ও সমর্থনই তাকে এগিয়ে যাওয়ার শক্তি যোগাচ্ছে।
হাফিজুর রহমান 








