“মিলে-মিশে গড়বো স্বপ্নের রূপগঞ্জ”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার সকাল ১১টা থেকে রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে এই কর্মসূচি শুরু হয়, যা সন্ধ্যা পর্যন্ত চলবে।
এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, শিশু, গাইনি, নাক-কান-গলা, চর্মরোগসহ বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা নিতে পাড়াগাঁও, মর্তুজাবাদ, পাচাইখা, ভূলতা, মাঝিপাড়া, সোনাবো, মুইরাবো, কইরাবো, লাবরাপাড়া ও আশপাশের এলাকার শত শত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ ঈদগাহ মাঠে উপস্থিত হন। ফ্রি চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন। এলাকাবাসী এ মানবিক উদ্যোগের জন্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “রূপগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে নানাভাবে অবহেলিত। আমি যদি আপনাদের ভালোবাসা ও ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে রূপগঞ্জকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলব।”
তিনি আরও বলেন, প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে তার প্রধান অঙ্গীকার। পরিকল্পিতভাবে রূপগঞ্জের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করে গড়ে তোলা হবে। দরিদ্র ও অসহায় মানুষ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সে জন্য বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
দিপু ভূঁইয়া বলেন, “শুধু চিকিৎসা নয়—বাসস্থান, নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি মানবিক ও আধুনিক রূপগঞ্জ গড়ে তোলা হবে। নির্বাচনের পরও আমি সব সময় জনগণের পাশে থাকব। যে কোনো সমস্যা ও দুর্ভোগে মানুষের পাশে দাঁড়িয়ে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।”
এ সময় আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপন, ভূলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, ডিকেএমসি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 








