নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে হাতেগোনা কয়েকটি পরিবার, যাদের পরিচয় এই এলাকার প্রতিটি মানুষই জানেন। আগামী ১২ ফেব্রুয়ারির পর জনগণকে সঙ্গে নিয়ে এসব মাদক ব্যবসায়ীকে রূপগঞ্জ থেকে এলাকা ছাড়া করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, “রূপগঞ্জকে মাদকমুক্ত করতে হলে আগে মাদকের গডফাদারদের চিহ্নিত করতে হবে। যারা যুব সমাজকে ধ্বংস করছে, তাদের কোনো জায়গা এই এলাকায় হতে পারে না। ১২ তারিখের পর সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।”
তিনি আরও বলেন, নির্বাচনের পর এলাকায় নিয়মিত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন।
“মা-বোনদের বাসায় গিয়ে খাবার খাব, আপনাদের সমস্যার কথা শুনব। রূপগঞ্জে বেকারত্ব, গ্যাস সংকটসহ যেসব নাগরিক সমস্যা দীর্ঘদিন ধরে জমে আছে, সেগুলো আমরা ঐক্যবদ্ধভাবে সমাধানের চেষ্টা করব,”—বলেন তিনি।
গণসংযোগকালে স্থানীয় নারী ভোটাররা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, নিরাপত্তা, কর্মসংস্থান ও মৌলিক সেবা সংকটের কথা তুলে ধরেন। দিপু ভূঁইয়া মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাধ্যমেই পরিবর্তন আসবে, অন্যায়ের রাজনীতির অবসান ঘটবে।”
গণসংযোগ শেষে মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 









