চার দশকের বেশি সময় পর নতুন নেতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এ দলের হাল ধরলেন তারই বড় ছেলে তারেক রহমান।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উদ্দীপ্ত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে শুক্রবার রাতে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়, যিনি লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে কিছুদিন আগেই দেশে ফিরেছেন।
গত ৪২ বছর বিএনপির নেতৃত্ব দিয়ে এসেছেন জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার প্রয়াণে তাদের বড় ছেলে তারেক রহমানের শীর্ষ পদে আসা দলের গঠনতন্ত্র অনুযায়ী অবধারিতই ছিল।
খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে যাওয়ার পর প্রায় সাত বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদবী নিয়ে তারেকই মূলত দল চালিয়ে আসছিলেন। মায়ের মৃত্যুর দুই সপ্তাহের মাথায় তাকে দলের শীর্ষ পদে বসানোর আনুষ্ঠানিকতা সারা হল।
দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল ৩০ ডিসেম্বর ভোরে মারা যান। এরপর তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণা করতে বাকি ছিল কেবল দলের সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত।
রাত ১০টা ৪০ মিনিটে স্থায়ী কমিটির বৈঠক থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কথা জানিয়েছেন।
তারেক রহমান দলের চতুর্থ চেয়ারম্যান। মাঝে তিন বছর বিচারপতি সাত্তারের নেতৃত্ব বাদ দিলে জিয়া পরিবারই এ দলের নেতৃত্ব দিয়ে আসছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 









