হজ ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়া অর্থ সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে হাজিদের সেবার মান আরও উন্নত করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আশকোনায় হজ অফিসে সরকারি ব্যবস্থাপনার শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশি হাজিদের নির্বিঘ্নে হজ পালন নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ আরও জোরদার করা হচ্ছে। হাজিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি হজ ব্যবস্থাপনায় সেবার মান আরও উন্নত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, গত হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হাজিদের জন্য বিনামূল্যে এক লাখ পানির বোতল সরবরাহ করা হয়েছে। পাশাপাশি লাগেজ র্যাপিংয়ের জন্যও হাজিদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি। সরকারি ব্যবস্থাপনার অংশ হিসেবে এসব সেবা দেওয়া হয়েছে।
সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলেও দাবি করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, হাজিদের সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
ধর্মমন্ত্রী আরও বলেন, গতবার একটি হজ এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুজন হাজি নির্ধারিত সময়ে হজে যেতে পারেননি। পরে পুলিশ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানো হয়।
হাজিদের সেবায় হজ গাইডদের ভূমিকার প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, হজ গাইডদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সেবার মান আরও উন্নত করতে হবে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে হজ গাইডদের আরও বড় পরিসরে পুরস্কৃত করা হবে।
এবার শ্রেষ্ঠ হজ গাইডদের মোট ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল রোববার সরকারের কাছে হস্তান্তর করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
হাফিজুর রহমান 


















