নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি অপরাধ সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে দলটির স্থানীয় নেতৃত্ব।
বুধবার (৪ মার্চ) বিষয়টি জানান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তিনি বলেন, রূপগঞ্জে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব অপরাধ নির্মূল এবং তথ্যভিত্তিক পদক্ষেপ নিশ্চিত করতে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
গোলাম ফারুক খোকন বলেন, “রূপগঞ্জের অপরাধ দমনে আমরা একটি ওয়েবসাইট তৈরি করছি। এখানে যে কোনো ব্যক্তি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা চক্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগের সঙ্গে ছবি, ভিডিও বা প্রাসঙ্গিক দলিল আপলোড করার সুযোগও রাখা হবে, যাতে তথ্য যাচাই সহজ হয়।”
তিনি আরও জানান, প্রাপ্ত অভিযোগগুলো একটি নির্দিষ্ট টিম প্রাথমিকভাবে যাচাই-বাছাই করবে। পরবর্তীতে সেগুলো সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপি নেতাদের দাবি, অনেক সময় ভুক্তভোগীরা সরাসরি থানায় যেতে সংকোচবোধ করেন বা প্রভাবশালীদের ভয়ে অভিযোগ করতে চান না। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা গোপনীয়তা বজায় রেখে তথ্য দিতে পারবেন। এতে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ সহজ হবে এবং সামাজিক সচেতনতা বাড়বে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি একদিকে যেমন দলীয় উদ্যোগ, অন্যদিকে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর একটি কৌশল হিসেবেও বিবেচিত হতে পারে। তবে অভিযোগ গ্রহণ ও তা প্রশাসনের কাছে উপস্থাপনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হবে বলেও মনে করছেন অনেকে।
ওয়েবসাইটটির নাম, ঠিকানা ও আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্যোগটি বাস্তবায়িত হলে রূপগঞ্জে অপরাধ দমনে নতুন একটি মাত্রা যুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 


















