ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।
সম্প্রতি ডিএনসিসি কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজধানীর উত্তরাংশের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা সম্প্রসারণ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ড. এম এ কাইয়ুম বলেন, “রাজনৈতিক মতভেদ থাকলেও নগরবাসীর কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঢাকার উত্তরাংশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও জনসম্পৃক্ততার সমন্বয় জরুরি।” তিনি নাগরিক সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন নগর উন্নয়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনবান্ধব সেবা প্রদানই তাদের লক্ষ্য। তিনি নাগরিক প্রতিনিধিদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানান।
সাক্ষাৎ শেষে উভয়েই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নগরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 














