নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
একুশের প্রথম প্রহরে তিনি দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা। বৈষম্যহীন, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সংবাদদাতা 


















