বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রমে পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায়—সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরও দৃঢ় হবে। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় দুই দেশের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন।
অন্যদিকে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্ক বহুমাত্রিক এবং তা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 









