শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ (২ জুলাই) অনুষ্ঠিত এ ম্যাচে বাংলাদেশ দলে ওয়ানডে অভিষেক হয়েছে দুই তরুণ—পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। এই ম্যাচ দিয়েই মেহেদী হাসান মিরাজ ওয়ানডে দলের স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ শুরু করলেন।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। খেলাটি এখনো চলমান। সর্বশেষ পাওয়া তথ্যমতে, ১৮.৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৭ রান, ৩ উইকেটের বিনিময়ে। শ্রীলঙ্কার হয়ে ইনিংস শুরু করেন নিশান মাদুশকা ও পাতুম নিশাঙ্কা। দুই ওপেনারই দ্রুত বিদায় নেন। মাদুশকা ৬ রানে ও নিশাঙ্কা শূন্য রানে আউট হন। কামিন্দু মেন্ডিসও ফিরেছেন কোনো রান না করেই।
বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ সূচনা করেন তাসকিন আহমেদ। তিনি ৬ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। অপরপ্রান্তে তানজিম হাসান সাকিব নিয়েছেন একটি উইকেট।
বাংলাদেশ একাদশে আজ ছিলেন না পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। ২০ বছর ও ৩৩১ ওয়ানডে পর বাংলাদেশ দল একসঙ্গে এত সিনিয়র খেলোয়াড় ছাড়া মাঠে নামল। শ্রীলঙ্কার একাদশেও একটি অভিষেক ঘটেছে—পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকে প্রথমবারের মতো ওয়ানডে খেলছেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা, আসিতা ফার্নান্ডো।
ক্রীড়া প্রতিবেদক 









