রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৫৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জন নেতা-কর্মী রয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় নানা ঘটনায় মোট ৬০টি মামলা করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) নিয়াজ মেহেদী জানান, রাজধানীতে ‘ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য ও নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ১০৭ জনের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদও রয়েছেন। বুধবার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে উত্তরার আরেকটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উল্লেখ্য, বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আগের রাত থেকেই রাজধানীতে কঠোর সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন এলাকায় দলটির কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতা ঠেকাতে পুলিশি টহল এবং তল্লাশিচৌকির কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 



















