এইচএসসি ২০২৬ সালের পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করে রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করেছে কৃতী শিক্ষার্থী সুমনা আক্তার। তার এ অসামান্য সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন এলাকাবাসী।
সুমনা আক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী গ্রামের কন্যা। তার এ অর্জন মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
সুমনার সাফল্যের খবর পেয়ে তাকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এ সময় তিনি সুমনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তার এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।
এলাকাবাসী জানান, সুমনার এই সাফল্য শুধু তার পরিবার নয়, পুরো রূপগঞ্জের জন্য গৌরবের। তার এ অর্জন এলাকার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করবে।
তারা সুমনা আক্তারের জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ-বিদেশে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা সমুন্নত রাখবে-এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।
নারায়ণগঞ্জ সংবাদদাতা 



















