দেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস এবং সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল সম্মিলিতভাবে চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তিনি বলেছেন, দেশের অর্থনীতি ও শিল্প খাতকে রক্ষায় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশকে আর অন্ধকারের দিকে ঠেলে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে জেলার চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে জাতীয় ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য সবাই মিলে চেষ্টা করছে। কিন্তু এই সরকার গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। গত ১৭ বছরে অনেকেই দেশের গণতন্ত্র, গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাত ধ্বংস করার চেষ্টা করেছেন। তবে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নারায়ণগঞ্জের শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক গার্মেন্টস কারখানা চালু রয়েছে। এর মধ্যে মাত্র ১২ থেকে ১৩টি কারখানায় সমস্যা দেখা দিয়েছে। তারপরও আন্দোলনে যারা অংশ নিচ্ছেন, তাদের প্রায় ৯০ শতাংশই কোনো গার্মেন্টস কারখানার শ্রমিক নন বলে দাবি করেন তিনি। বিভিন্নভাবে লোকজন এসে নারায়ণগঞ্জের গার্মেন্টস কারখানাগুলোতে সমস্যা সৃষ্টির চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের কোথাও বড় ধরনের কোনো সমস্যা হয়নি। শুধু একটি নির্দিষ্ট জায়গায় আগে থেকেই পরিকল্পনা করে সড়ক অবরোধের উদ্দেশ্যে অসন্তোষ সৃষ্টি করা হয়েছে। তবে নারায়ণগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ থাকায় তারা কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে পারেনি।
বিরোধী দলের নেতাদের উদ্দেশে সংসদ সদস্য দিপু বলেন, বিরোধী দলে যারা রয়েছেন, তাদের প্রতি আহ্বান থাকবে-আমরা যেন সবাই মিলে একসঙ্গে থাকি। বাংলাদেশ আমাদের সবার। দেশের ক্ষতি করা যাবে না। দেশকে আর অন্ধকারের দিকে নিয়ে যাবেন না। আমাদের সময় দিন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, চেম্বারের সহসভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু ও মজিবুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















