রাজধানীর বেরাইদে অনুষ্ঠিত মরহুম আব্দুল খাবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জমজমাট ফাইনালে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ট্রাইবেকারে। সেখানে ফ্রেন্ডস সার্কেলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোড়লপাড়া তাবাসসুম স্পোর্টিং ক্লাব।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোমিনুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আজহার হোসেন, সিরাজ ও জুয়েল মেম্বারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক ছাত্রদল নেতা মো. কামরুল ইসলাম রবিন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাহফুজুর রহমান মাহফুজ বলেন, ‘এই খেলাটি অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আমি তিন মাস দেশের বাইরে থাকায় আয়োজন করতে কিছুটা বিলম্ব হয়েছে।’ তিনি টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় তিনি মরহুম আব্দুল খাবিরসহ এলাকার কৃতী সন্তানদের স্মৃতি ধরে রাখতে ভবিষ্যতে আরও বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি মরহুম আব্দুল খাবিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ ধরনের আয়োজন এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















