স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার দায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত থাকলেও বিভিন্ন জায়গায় তার দলের নেতাকর্মীরা হামলা ও নিপীড়নের শিকার হচ্ছেন। ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। তার ভালো উদ্দেশ্য ছিল মাদকের বিস্তার বন্ধ করা। স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজনকে সেই পাপের ভোগান্তি পোহাতে হয়। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।
দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসের বিভিন্ন জায়গায় ভাঙচুরের খবর পাওয়া গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্বেগ রয়েছে। তাদের ক্ষোভ ও কষ্টের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, সবকিছু করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে হিন্দু সম্প্রদায়ের কেউ কষ্ট না পান বা আহত বোধ না করেন। এই কথা বলার কারণে আমাকে আবার শাহবাগী বা হিন্দুদের নতুন ভার্সন বলে ট্যাগ দেবেন না। তারা বিষয়টি আপনাদের কাছে পৌঁছে দিতে বলেছেন। তারা আপনাদের ভালোবাসেন, আপনারাও তাদের ভালোবাসেন।
ভুল বোঝাবুঝির অবসানে দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের উদ্বেগ ও অভিযোগ শোনা উচিত। এতে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হবে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 

















