চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার ঘটনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির ফলাফল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড।
রোববার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে নিয়মবহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে। অভিযোগের সার্বিক সত্যতা যাচাই এবং এ বিষয়ে প্রতিষ্ঠানের ব্যাখ্যা জানতে প্রয়োজনীয় নথিপত্র তলব করা হয়েছে।

শিক্ষা বোর্ডের নির্দেশনায় প্রতিষ্ঠানটিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তথ্য এবং এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করা শিক্ষার্থীদের তথ্যসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে।
এসব নথিপত্র নিয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সশরীরে উপস্থিত হয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ জন্য সময় দেওয়া হয়েছে সাত কর্মদিবস।
অফিস আদেশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি জবাব না দিলে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।
শতভাগ জিপিএ-৫ পাওয়ার মতো ব্যতিক্রমী ফলাফল অর্জনের পেছনে শিক্ষার্থী বাছাই বা অন্য কোনো নিয়মবহির্ভূত প্রক্রিয়া ছিল কি না, শিক্ষা বোর্ডের যাচাইয়ে তা স্পষ্ট হবে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















