নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) বলেছেন, নারায়ণগঞ্জে মেট্রোরেল চালুর বিষয়ে সরকারের কাছে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর কাছে ডিও (ডেমি-অফিসিয়াল) লেটার দিয়েছেন। তাঁর আশা, রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ করতে ভবিষ্যতে মেট্রোরেল নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হবে।
সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে এমপি দিপু বলেন, একসময় সবাই ধারণা করলেও বাস্তবে নারায়ণগঞ্জ মেট্রোরেলের রুটে ছিল না। বর্তমানে সেটি যুক্ত করার জন্য চেষ্টা চলছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। মেট্রোরেল চালু হলে এই যাত্রীদের ভোগান্তি অনেক কমবে এবং এটি জেলার মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জকে মেট্রোসিটিতে উন্নীত করারও দাবি জানানো হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগের সুযোগ তৈরি হবে, যা জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
এমপি দিপু জানান, নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে কোনো ওয়ারেন্টভুক্ত আসামি বা সন্দেহভাজন ব্যক্তি শহরে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী তথ্য পাবে। তাঁর ভাষায়, এমন একটি পরিবেশ তৈরি করতে চান যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও নারায়ণগঞ্জ এখনও প্রত্যাশিত গুরুত্ব পায়নি। এ অবস্থার পরিবর্তনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা জিয়া হলের জায়গায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও জানানো হয়েছে, যাতে চিকিৎসাসেবার জন্য মানুষকে আর ঢাকায় যেতে না হয়।
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে স্কিল ট্রেনিং সেন্টারভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর মতে, দক্ষ জনবল তৈরি হলে দেশে কর্মসংস্থান বাড়বে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে, ফলে রেমিট্যান্স আয় বাড়বে।
এ সময় তিনি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা নারায়ণগঞ্জ কোর্ট ভবনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি দ্রুত চালু করে বর্তমানে ভাড়া ভবনে পরিচালিত সরকারি দপ্তরগুলো সেখানে স্থানান্তরের দাবি জানান তিনি।
জাতীয় বাজেট প্রসঙ্গে এমপি দিপু বলেন, গণতান্ত্রিক সরকারের উপস্থাপিত নতুন বাজেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছে। তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, খাদ্যপণ্যে কর কমানোসহ বিভিন্ন সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন নতুন শিল্প প্রতিষ্ঠায় নানা প্রতিবন্ধকতা ছিল। বর্তমান সরকারের উদ্যোগে শিল্প খাত আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। বন্ধ শিল্পকারখানা চালু করা, শিল্পে দীর্ঘমেয়াদি ঋণের সুযোগ বৃদ্ধি এবং ক্ষুদ্র ও কৃষিঋণগ্রহীতাদের স্বস্তি দেওয়ার পদক্ষেপকে তিনি সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। এসব উদ্যোগের জন্য তিনি নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 



















