নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বুধবার দুপুরে উপজেলার মৈকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ ভট্টাচার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাকিম মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা বেগম, স্থানীয় সমাজসেবক আলহাজ রফিজ উদ্দিন ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, হাজী মো. হানিফ ভূঁইয়া, মো. ফিরোজ সরকার, আমির হোসেন, ফিরোজ প্রধান, ফজলুল হক প্রধান, শফি শিকদার, আরিফ হোসেন, আমজাদ হোসেন, নাজমুল হাসানসহ শিক্ষক, অভিভাবক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম জয় বলেন, একটি জাতির উন্নয়নের ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। তাই শুধু শিক্ষকদের ওপর নির্ভর করলেই চলবে না; শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদেরও সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে মায়েরা যদি সন্তানদের পড়াশোনার প্রতি আরও যত্নশীল হন, নিয়মিত বিদ্যালয়ে পাঠান এবং বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করেন, তাহলে শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
তিনি বলেন, সন্তানদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে হবে। একই সঙ্গে তাদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ইউএনও আরও জানান, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি বিদ্যালয়ের ভবন সম্প্রসারণ এবং খেলার মাঠের পরিধি বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আনন্দময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে পারে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ, উপস্থিতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সঙ্গে মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবকরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 









