বিদায়ের প্রাক্কালে হযরত শাহজালাল (রহ.) মাজারের তহবিলে ব্যক্তিগতভাবে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।
সোমবার (২২ জুন) বিকেলে জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসা কার্যালয়ে এ সংক্রান্ত চেকে স্বাক্ষর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।
জেলা প্রশাসন সূত্র জানায়, একই দিন হযরত শাহজালাল (রহ.) মাজারের চারটি এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা আরও চারটি—মোট আটটি দানবাক্স ডাবল লক পদ্ধতিতে খোলা হয়। এসব দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা স্বর্ণালঙ্কার এবং দুটি সৌদি রিয়াল পাওয়া যায়।
পরে দানবাক্স থেকে প্রাপ্ত ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সঙ্গে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ব্যক্তিগত ৫ লাখ টাকার অনুদান যোগ করে হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার হিসাবে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা করা হয়।
এ ছাড়া উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও সরকারি বিধি অনুযায়ী সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















