নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কমিটির প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে এবং কেন্দ্রীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানিয়েছেন, যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।
নতুন কমিটিকে ঘিরে জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং শিক্ষার্থীদের সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত, তাদেরই প্রাধান্য দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সভাপতি পদে আলোচনায় রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তার নেতৃত্বে নারায়ণগঞ্জে ছাত্রদলের কার্যক্রম ছিল উল্লেখযোগ্য। আওয়ামী লীগের শাসনামলেও তার নেতৃত্বে সংগঠনটি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে।
এছাড়া আলোচনায় আছেন সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ। রূপগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে সংগঠনকে সক্রিয় রাখার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও হরতাল-অবরোধসহ নানা কর্মসূচিতে সরব ছিলেন তিনি। এ সময় তিনি একাধিক হামলার শিকার হন; এমনকি তার পরিবারের সদস্যরাও হামলার মুখে পড়েন।
সম্ভাব্য কমিটির তালিকায় রয়েছেন ছাত্রদল নেতা মোবারক হোসেন, যিনি বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। এছাড়া আলোচনায় রয়েছেন সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, যিনি ধারাবাহিকভাবে মাঠে সক্রিয় থেকেছেন এবং হামলা-মামলার মধ্যেও সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
এছাড়াও ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তারা দুজনই অতীতে একাধিক আন্দোলনে অংশ নিয়ে হামলা ও মামলার শিকার হয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে, এবারের কমিটিতে মাঠপর্যায়ে সক্রিয়, ত্যাগী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের সব কমিটিও বাতিল করা হয়। এরপর থেকেই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 








