সরকারের উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডা. জাহেদ উর রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ডা. জাহেদ উর রহমান সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সংযুক্ত হওয়ায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ডা. জাহেদ উর রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। নতুন এই দায়িত্বের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের কার্যক্রমও এখন তার তত্ত্বাবধানে পরিচালিত হবে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 


















