রাজধানীর খিলক্ষেত থানার ৪৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের অংশগ্রহণে এক বৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর ও ধর্মীয় আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনের জনতার এমপি এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন।
ইফতারের আগে আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা, সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান আত্মসংযম ও মানবিকতার মাস। এ মাস আমাদের অন্যের কষ্ট অনুভব করতে শেখায় এবং সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই সংগঠনের শক্তি। এ ধরনের আয়োজন দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের নৈতিক উন্নতির জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খিলক্ষেত থানার ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার আহমেদ মোল্লা। তিনি বলেন, রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে এলাকাবাসী ও নেতাকর্মীদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাফিজুর রহমান 


















