ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তার আদর্শ ও ত্যাগ আমাদের আন্দোলনের প্রেরণা।
ড্যাব নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের স্বাস্থ্যখাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অবদান রেখেছেন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান 















