বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, রাজনৈতিক কারণে সাধারণ মানুষ যেন আর কোনোভাবেই হয়রানির শিকার না হয়—এ বিষয়ে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
বুধবার রাজধানীর পূর্ব বাড্ডায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. কাইয়ুম বলেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, গ্রেপ্তার ও গুম-খুনের মতো নির্যাতন চালিয়েছে। রাজনৈতিক ভিন্নমতের কারণে দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল, যা দেশের মানুষ আর দেখতে চায় না।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং রাজনৈতিক মতের কারণে কাউকে হয়রানি করা হবে না। রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বিএনপির অঙ্গীকার।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বলেন, উন্নয়নের নামে দেশের অর্থনীতি লুটপাট করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এর ফলেই সাধারণ মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগে রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে এবং সরকারি হাসপাতালগুলোর মান উন্নয়ন করে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
কর্মসংস্থান প্রসঙ্গে ড. কাইয়ুম বলেন, শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে তরুণদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি করা হবে। পাশাপাশি ক্ষুদ্রঋণ ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম জোরদার করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
নারীর উন্নয়ন নিয়ে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের এগিয়ে না নিলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারী শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানে বিএনপি বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে।
বক্তব্যের শেষাংশে ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি একটি গণমানুষের দল। জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতেই বিএনপির রাজনীতি।
নিজস্ব প্রতিবেদক 
















