নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ১ নম্বর ওয়ার্ড স্পোর্টিং ক্লাব ও ৯ নম্বর ওয়ার্ড স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
টুর্নামেন্টে বিজয়ী দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলের জন্য দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি ঘোষণা করেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মনির হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের রূপগঞ্জ ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. জজ মিয়া। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী মো. শরীফুল ইসলাম রনি। টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. সুজন মিয়া।
এ সময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
তারা আরও বলেন, সমাজের প্রতিটি এলাকায় এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন ছড়িয়ে দিতে হবে। এতে তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে এবং সুস্থ সমাজ গঠনের পথ সুগম হবে।
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 


















