দেশের প্রাণিসম্পদ খাত অচিরেই বৈশ্বিক বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মেধাবী ও আত্মনির্ভরশীল জাতি গঠনে প্রাণিজ আমিষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, আর এর সঙ্গে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতাও ওতপ্রোতভাবে জড়িত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ভিন্ন ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আটজনকে স্বর্ণপদক এবং ১৫ জনকে রৌপ্য পদক প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।
বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের পরিসংখ্যান তুলে ধরে বলেন, “আমাদের গ্রামীণ ও কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের শতকরা ৫৬ ভাগ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হয়। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। এ ছাড়া কৃষিজ জিডিপিতে এই খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।”
রপ্তানি আয়ের তথ্য উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ সেক্টরে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য ও প্রক্রিয়াজাত পণ্যের পাশাপাশি দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোল্ট্রি পণ্যের বিশ্ববাজার সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। এ জন্য ‘ফুড সেফটি’ ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে আধুনিক প্রসেসিং সেন্টার ও রোগমুক্ত অঞ্চল গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। প্রায় ৫০ হাজার কোটি টাকা বেসরকারি বিনিয়োগের এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যার ৪০ শতাংশই নারী। এ ছাড়া প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।
খামারিদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে এবং সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে মহিষ ও গবাদিপশু পালনের জন্য খামারিদের বরাদ্দ দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
শহরাঞ্চলে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মানবিক মূল্যবোধের ওপর জোর দেন। তিনি বলেন, “মানুষের মতো পশুপাখিরও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার রয়েছে। প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, ব্যথা-আঘাত ও রোগ থেকে সুরক্ষা দেওয়া এবং ভয় বা মানসিক যন্ত্রণা না দেওয়া আমাদের মানবিক দায়িত্ব।” প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, আধুনিক খামার প্রযুক্তি এবং দুগ্ধ ও মাংসজাত পণ্যের প্রদর্শনী চলছে। কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি, আলোচনা সভা, খামারি প্রশিক্ষণ এবং গবাদিপশুর বিনামূল্যে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।
নিজস্ব প্রতিবেদক 



















