গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মো. মাহাবুব রহমান। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে। বাসে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার ষড়যন্ত্রেও তারা লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
তারা বলেন, এ ধরনের নাশকতা ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 


















