রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সংসদ সদস্যদের ভোট প্রদানের জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক নির্দেশনায় এসব কথা বলা হয়েছে। এতে ভোটের সময়, ব্যালট সংগ্রহ ও জমা দেওয়ার পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের করণীয় তুলে ধরা হয়েছে।
এতে বলা হয় ২০ আগস্ট ২০২৬ তারিখে দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হবে। ওই সময়ে নির্বাচনী কর্মকর্তারা ভোট গ্রহণের কার্যক্রম অব্যাহত রাখবেন। সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় কর্তৃক সরবরাহকৃত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
আরও বলা হয়, নিজ আসনে বসার পর সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে নিজের নাম ও নির্বাচনী সংখ্যা যুক্ত ব্যালট সংগ্রহ করতে হবে। এরপর নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে তা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।
ব্যালটের আভ্যন্তরীণ অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট প্রদান শেষে ব্যালটটি সংসদ কক্ষের সংলগ্ন নির্দিষ্ট ব্যালট বাক্সের অভ্যন্তরে রাখতে হবে।
কোনো কারণে সরবরাহকৃত ব্যালট লেখার সময় ভুল হলে, ব্যালট বাক্সে রাখার আগে সেটি নিয়ে নির্বাচনী কর্মকর্তার নিকট উপস্থিত হতে হবে। এ ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোট প্রদানের জন্য সংসদ সদস্যদের বৈঠকে নির্বাচনী প্রচারণা করা বা এ উদ্দেশ্যে কোনো বক্তব্য কিংবা প্রস্তাব দেওয়া যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১১(২) বিধি অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোটদানকালে কোনো রাজনৈতিক সমস্যা দেখা দিলে মাননীয় চিফ হুইপ ও মাননীয় বিরোধীদলের চিফ হুইপের পরামর্শ গ্রহণের কথা বলা হয়েছে।
এ ছাড়া ব্যালট লেখার সময় ভোটারের পূর্ণ নাম লেখার কথা বলা হয়েছে। নির্দেশনাটি নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে জারি করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। গণ-অভ্যুত্থানের পর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের কারণে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে ব্যালটের মাধ্যমে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটি হতে যাচ্ছে।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 















