সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার মক্কা অঞ্চলে এই দণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ‘আজেল নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন, নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরবর্তীতে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে সময় ও স্থানের পবিত্রতা বিবেচনা এবং অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন।
সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের পর বুধবার এই রায় কার্যকর করা হয়। তবে ঠিক কী ধরনের ‘অনৈতিক কর্মকাণ্ডের’ দায়ে তাদের এই সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
এই ঘটনার পর দেওয়া বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছে, পবিত্র স্থান ও মসজিদগুলোর সার্বিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতে পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করা বা সেখানে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এমন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও কড়া সতর্কতা উচ্চারণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রবাস ডেস্ক 


















