নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জের সীমানা ছাড়িয়ে পুরো জেলাজুড়ে সক্রিয় রাজনৈতিক উপস্থিতি গড়ে তুলছেন। সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের তৎপরতা এবং ব্যবসায়ী সমাজের সঙ্গে সমন্বিত যোগাযোগের মাধ্যমে তিনি নিজেকে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হিসেবে প্রতিষ্ঠিত করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন ধরেই রূপগঞ্জের রাজনীতিতে সক্রিয় দিপু ভূঁইয়া। প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও তিনি মাঠে অবস্থান ধরে রেখেছেন। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা, বড় সমাবেশ আয়োজন এবং বিভিন্ন ইস্যুতে দৃশ্যমান অবস্থান নেওয়ার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের সক্ষমতার পরিচয় দিয়েছেন। স্থানীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে কেন্দ্রীয় পর্যায়েও তার গ্রহণযোগ্যতা বেড়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।
এদিকে পবিত্র মাহে রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় দিপু ভূঁইয়া বলেন, রোজার মাসে অতিরিক্ত মুনাফার চিন্তা না করে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, “আমরা সারাবছর ব্যবসা করি। রমজানে মানুষের সহযোগিতার দিকটি বিবেচনায় রেখে কেউ যেন অতিরিক্ত লাভের চেষ্টা না করেন।”
এ সময় তিনি জানান, চেম্বারের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং চালু করা হয়েছে একটি হটলাইন নম্বর। নির্ধারিত মূল্যতালিকার বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেলে সম্মিলিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন, হকার সমস্যা ও ছিনতাই প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন এমপি দিপু। তিনি বলেন, সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে ব্যবসাবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। রমজান উপলক্ষে কমিউনিটি পুলিশিং জোরদার করা হয়েছে এবং ইতোমধ্যে ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ–এর মাধ্যমে জেলার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং নারায়ণগঞ্জকে ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নীত করার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই–এর নেতা প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশন–এর সভাপতি এম সোলায়মান, বিকেএমইএ–এর সহসভাপতি রাশেদুজ্জামান, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন–এর সভাপতি বদিউজ্জামান বদুসহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ।
রূপগঞ্জের সীমানা ছাড়িয়ে জেলা রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি ও সমন্বিত কর্মকৌশলই তাকে নারায়ণগঞ্জের আলোচিত নেতৃত্বে পরিণত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 


















