নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের চর্চার আহ্বান জানান। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। এ মাস আমাদের ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
নবনির্বাচিত এই সংসদ সদস্য রমজান মাসে সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজ থেকে অন্যায় ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব। তিনি রূপগঞ্জবাসীর কাছে দোয়া চান, যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
দিপু ভূঁইয়া আরও উল্লেখ করেন, রূপগঞ্জের মানুষের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য। পবিত্র এ মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে সিয়াম সাধনা করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বার্তার শেষাংশে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর জন্য দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান তিনি।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 


















