নারায়ণগঞ্জ-১ আসনের (রূপগঞ্জ) বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ৯টি স্পটে পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পথসভা ও গণসংযোগে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সালাহউদ্দিন দেওয়ান, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, আরিফুজ্জামান ইমন, আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “রূপগঞ্জে কোনো মাদক কারবারির স্থান হবে না। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত রূপগঞ্জ গড়তে আমি দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি বলেন, বিগত সরকারের আমলে অবৈধভাবে দখল হওয়া সাধারণ মানুষের সকল সম্পত্তি আইনানুগ প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলায় রূপান্তর করা হবে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই উন্নয়নের কাজ করা হবে। স্বপ্নের রূপগঞ্জ গড়তে যা কিছু প্রয়োজন, আমি সবকিছু করতে প্রস্তুত।”
সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, রূপগঞ্জে কোনো ধর্মের মানুষের মধ্যে বিভেদ থাকবে না।
“সব ধর্মের মানুষ মিলেমিশে ভাই-ভাই হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এটাই আমাদের অঙ্গীকার।”
পথসভা শেষে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন বিএনপির এই প্রার্থী এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 











