নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) বলেছেন, ক্ষমতা কিংবা প্রভাব অর্জনের জন্য তিনি রাজনীতিতে আসেননি; মানুষের সেবা করাই তাঁর রাজনীতির মূল উদ্দেশ্য। রূপগঞ্জবাসীর কল্যাণে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করতে চান তিনি।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনভর রূপগঞ্জের খেয়াঘাট, টানমুশারী, জাহাঙ্গীর উচ্চবিদ্যালয় মাঠসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন দিপু ভূঁইয়া।
পথসভায় তিনি পরিকল্পিত ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, রূপগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অবৈধ দখলমুক্ত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার খালগুলো দখলমুক্ত করা হবে এবং দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি ভূমিদস্যুদের হাত থেকে সাধারণ মানুষের জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও দেন।
বিএনপির এই প্রার্থী বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক স্বার্থে রূপগঞ্জের মানুষকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছিল। আমি সেই বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই। সুখে-দুঃখে সব সময় রূপগঞ্জবাসীর পাশে থাকব।”
এ সময় তিনি তাঁর পরিবার—দাদা, বাবা ও চাচাদের সঙ্গে রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই উল্লেখ করে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ব্যালটের মাধ্যমেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র এখনো বিদ্যমান। এটি শুধু একজন প্রার্থীর জয় নয়, এটি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।”
নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সর্বোচ্চ সংখ্যক ‘ফ্যামিলি কার্ড’ রূপগঞ্জবাসীর জন্য নিশ্চিত করতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া তিনি মধুখালী, পিতলগঞ্জ মনিপাড়া, কাঞ্চন সেতু, শিমুলিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 



















