‘সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো পূর্বাচল প্রেসক্লাব। একই সঙ্গে ৩৬ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্বাচল প্রেসক্লাবের উদ্বোধন ও নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সময় টিভির সাংবাদিক মো. রাশেদুল ইসলামকে সভাপতি এবং দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন একুশে টিভির সাংবাদিক রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম এস ডালিম, ডেইলি অবজারভারের সাংবাদিক শাহেল মাহমুদ (সহ-সভাপতি), বৈশাখী টিভির সাংবাদিক আতাউর রহমান সানী (সাংগঠনিক সম্পাদক)সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের সিও সৌরভ হাসান সজীব, পূর্বাচল প্রেসক্লাবের উপদেষ্টা হানিফ মোল্লা, দৈনিক জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরাজী, সময় টিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ, এটিএন বাংলার অনলাইন ও ডিজিটালের নিউজ এডিটর আল-ইমরান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, কালের কণ্ঠের সাংবাদিক আহমেদ রাসেল, যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয়, একাত্তর টিভির সাংবাদিক রিয়াজ হোসেন, জিটিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। স্থানীয় প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, পূর্বাচল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার, ঐক্যবদ্ধ ও নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে এই প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পূর্বাচল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবকে একটি শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে পূর্বাচল প্রেসক্লাবের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন, “স্থানীয় সমস্যা, জনস্বার্থ এবং উন্নয়নমূলক সংবাদ তুলে ধরতে পূর্বাচল প্রেসক্লাব সক্রিয় ভূমিকা পালন করবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা একযোগে কাজ করবো।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিক মহল পূর্বাচল প্রেসক্লাবের যাত্রাকে স্বাগত জানিয়ে এটিকে সাংবাদিকদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 



















