নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও রাজনৈতিক সংহতির এক অনন্য সমন্বয়ে দিনব্যাপী এই কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
রবিবার (১৮ জানুয়ারি) কাঞ্চন পৌরসভার সকল ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজনে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কাঞ্চন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রোকন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। আজকের এই শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল তাঁর মানবিক ও দেশপ্রেমিক আদর্শেরই প্রতিফলন।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর যুবদলের আহ্বায়ক মোঃ রাশেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ওসমানসহ কাঞ্চন পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে। এ ধরনের কর্মসূচি মানুষের সঙ্গে দলের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 



















