তীব্র শীতের প্রকোপে জবুথবু জনজীবন। ঠিক এই সময়ে রূপগঞ্জের মুড়াপাড়ায় আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও রূপগঞ্জের গণমানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। শুক্রবার (১৬ জানুয়ারি) মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে স্থানীয় অসহায় ও শীতার্তদের মাঝে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
এ দিন জুমার নামাজের পর থেকেই মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্পটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমা নেত্রীর আত্মার শান্তি কামনায় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরাম।
আর্তমানবতার পাশে দাঁড়ানোর আহ্বান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র আর সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আমরা সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকতে চাই। তীব্র শীতে মানুষ যখন কষ্টে আছে, তখন তাদের পাশে দাঁড়ানোই আমাদের বড় ইবাদত।” তিনি রূপগঞ্জের বিত্তবানদেরও সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
নেতাকর্মীদের ঢল নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে এই আয়োজনে স্থানীয় বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী। প্রিয় নেত্রীর দোয়া মাহফিলে শরিক হতে এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিশেষ মোনাজাত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করে কান্নায় ভেঙে পড়েন অনেক নেতাকর্মী। মোনাজাতে দেশের শান্তি, শৃঙ্খলা ও রূপগঞ্জের সাধারণ মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে প্রধান অতিথি নিজে উপস্থিত থেকে বৃদ্ধ ও বিধবাসহ কয়েকশ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন।
উপস্থিত নেতাকর্মীরা জানান, দলের চেয়ারপারসনের স্মৃতি রক্ষার্থে এবং রূপগঞ্জবাসীর সেবায় মোস্তাফিজুর রহমান দিপুর এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 









