নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগরায়ণের আওতায় আনতে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে সরকার যে খসড়া প্রস্তুত করেছে, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জেলার ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অধীনে থেকে নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার হচ্ছে এবং শহরটি ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে।
গত এক বছর ধরেই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়ে আসছিলেন। তাঁর নেতৃত্বে ব্যবসায়ী মহল এ বিষয়ে প্রশাসনের একাধিক স্তরে আলোচনা ও বৈঠক করেছে।
গত বছরের ১৮ সেপ্টেম্বর দিপু ভূঁইয়ার নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নারায়ণগঞ্জকে একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ ছাড়া জেলা প্রশাসকের সঙ্গেও একাধিক বৈঠকে বিষয়টি অবহিত করেন ব্যবসায়ীরা।
সবশেষ গত বছরের ২৩ ডিসেম্বর প্রায় এক হাজার ব্যবসায়ীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জোরালো দাবি জানানো হয়। সভায় উপস্থিত ব্যবসায়ীরাও সর্বসম্মতিক্রমে এ দাবির প্রতি সমর্থন জানান।
এরই মধ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগে চিঠি দেন নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। চিঠিতে তিনি উল্লেখ করেন, নাসিকের প্রায় ৭২ দশমিক ৪৩ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২০ লাখ মানুষের বসবাস। এখানে নগরায়ণের প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশ, যেখানে সারা দেশে গড়ে প্রায় ৩ শতাংশ এবং ঢাকায় ৩ দশমিক ৪ শতাংশ। ভবিষ্যতে নগরের সীমানা ও জনসংখ্যা আরও বাড়বে, ফলে সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধিতে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন জরুরি।
এর ধারাবাহিকতায় চলতি বছরের ৮ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে একটি খসড়া অধ্যাদেশ প্রস্তুত করে। বর্তমানে এ খসড়ার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত সংগ্রহ করা হচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন,
“রাজউকের অধীনে থেকে নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। এ জনপদে শৃঙ্খলা ফেরাতে এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করা প্রয়োজন। আমরা অন্য কারো নিয়ন্ত্রণে থাকতে চাই না। সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছে জেনে আমরা আশাবাদী।”
গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন,
“নারায়ণগঞ্জ শহর এখন একটি অপরিকল্পিত নগরে পরিণত হয়েছে। এ মুহূর্তে পরিকল্পিত নগরায়ণ অত্যন্ত জরুরি। আমরা দ্রুত এর বাস্তবায়ন চাই।”
নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি গোলাম সারোয়ার সাঈদ বলেন,
“যেকোনো নগর উন্নয়নের জন্য একটি কর্তৃপক্ষ থাকা অপরিহার্য। তাদের মূল দায়িত্বই হচ্ছে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা। অবশেষে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের খসড়া প্রস্তুত হওয়ায় আমরা সরকারকে সাধুবাদ জানাই।”
নারায়ণগঞ্জ সংবাদদাতা 



















